'কাজে গতি আনতে মন্ত্রিসভায় রদবদল'

আপডেট : ১৮ জুলাই ২০১৫, ১৪:৪৭
 
সরকারের কাজে গতি আনতেই মন্ত্রিসভায় রদবদল করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ গণভবনে সর্বস্তরের মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
 
শেখ হাসিনা বলেন, 'মানুষ নিরাপদে বাড়ি পৌঁছে সবার সাথে ঈদ করতে পেরেছে। ঘরফেরা মানুষের দুর্ভোগ নিয়ে পত্রপত্রিকাগুলো বিশেষ কিছু লিখার সুযোগ পায়নি। লোকজন রাত ২টা-৩টা পর্যন্ত নির্বিঘ্নে বাজার করে সেহরি খেয়ে ঘুমিয়েছে। মানুষের আর্থিক সংগতি থাকায় ঢাকাসহ সারা দেশের মানুষ ব্যপকভাবে কেনাকাটা করতে পেরেছে। সরকারের সুব্যবস্থার কারণে মানুষ শান্তিতে ঈদ করতে পারছে।'
 
তিনি বলেন, এবারের ঈদের সড়কে বড় কোন দুর্ঘটনা ঘটেনি। এ জন্য তিনি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি ধন্যবাদ জানান।
 
গণভবনে শুভেচ্ছা বিনিময়কালে প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়, পুত্রবধূ ক্রিস্টিনা ওভারমায়ার, মেয়ে সায়মা হোসেন ওয়াজেদ ও জামাতা খন্দকার মাসরুর হোসেনসহ পরিবারের সদস্যরা তার সঙ্গে ছিলেন।