জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে জড়িত সন্দেহে সৌদি আরবে ৪৩১ জনকে গ্রেফতার করেছে কর্তৃপক্ষ।
তারা বলছে এ বছরের প্রথম থেকে চালানো বিভিন্ন অভিযানে এদের আটক করা হয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, যাদের গ্রেফতার করা হয়েছে তাদের বেশিরভাগই সৌদি নাগরিক, তবে ইয়েমেন, সিরিয়া সহ আর ছয়টি দেশের নাগরিকরাও এদের মধ্যে আছে।
সরকারের একজন মুখপাত্র বলেন, এর নিরাপত্তা বাহিনী, বিদেশী দূতাবাস, মসজিদ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যেসব আত্মঘাতী হামলা চালানোর পরিকল্পনা করছিল, সেসব ভন্ডুল করে দেয়া হয়েছে।
এই মুখপাত্রের ভাষায় ইসলামিক স্টেট সৌদি আরবে একটা বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করছিল।
সিরিয়া এবং ইরাকে ইসলামিক স্টেটের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যে জোট এখন বিমান হামলা চালাচ্ছে, সৌদি আরবও সেই জোটের অংশ।
ইসলামিক স্টেটকে সৌদিরা তাদের নিরাপত্তার জন্য এক বিরাট হুমকি বলে গণ্য করে।
দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ-র ওয়েবসাইটে পোস্ট করা এক বিবৃতিতে বলা হয়েছে, শনিবার পর্যন্ত ৪৩১ জনকে গ্রেফতার করা হয়েছে, এদের অধিকাংশই নাগরিক (সৌদি), এদের সঙ্গে অন্যান্য দেশের নাগরিকরাও আছেন।
গত ২২ মে সৌদি আরবের কাতিফ প্রদেশের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে চালানো এক আত্মঘাতী হামলার ২১ জন নিহত ও অন্তত ৫০ জন আহত হন। হতাহতদের অধিকাংশই মুসলিম সংখ্যালঘু শিয়া সম্প্রদায়ের সদস্য।
ওই হামলার দায় স্বীকার করে দেশটিতে আরো হামলার হুমকি দিয়েছিল আইএস।
সূত্র: রয়টার্স, বিবিসি।
