প্রথম ম্যাচ হেরে সিরিজে পিছিয়ে পড়া অস্ট্রেলিয়া বোলারদের দাপটে দ্বিতীয় ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। শনিবার তৃতীয় দিনের খেলা শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ বিনা উইকেটে ১০৮ রান। প্রথম ইনিংসে ৫৬৬ রানের সুবাদে সব মিলিয়ে ৩৬২ রানে এগিয়ে রয়েছে সফরকারীরা।
প্রথম ইনিংসে ৭৮ রানের উদ্বোধনী জুটি গড়ার পর আজ চতুর্থ দিনে ব্যাট করতে নামবেন ক্রিস রজার্স (৪৪) ও ডেভিড ওয়ার্নার (৬০)। গত দুই বছরে এ নিয়ে ১৪ বার পঞ্চাশ বা তার বেশি রানে জুটি গড়লো এই জুটি। তৃতীয় দিন জুটি ভাঙতে ছয় বোলার ব্যবহার করেও সাফল্য পাননি ইংল্যান্ডের অধিনায়ক।
এর আগে ৪ উইকেট হারিয়ে ৮৫ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছিল ইংল্যান্ড। তৃতীয় দিনে বাকি ৬টি উইকেট হারিয়ে ২২৭ রান যোগ করতে সক্ষম হয় স্বাগতিকরা। অধিনায়ক অ্যালিস্টার কুক ৯৬ রান করে আউট হন। ৮৭ রান করে আউট হন বেন স্টোকস। এ ছাড়া ৩৯ রান করেন মঈন আলী।
অস্ট্রেলিয়ার জস হ্যাজেলউড ও মিচেল জনসন ৩টি করে উইকেট নিয়েছেন। ২টি উইকেট নিয়েছেন মিচেল মার্শ। ১টি করে উইকেট নিয়েছেন নাথান লায়ন ও মিচেল স্টার্ক।
