ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্কে কোনো পরিবর্তন আসবে না: খামেনি

আপডেট : ২০ জুলাই ২০১৫, ১০:২৫
 
ছয় বিশ্বশক্তির সঙ্গে পরমাণু চুক্তির ফলে ইরানের সঙ্গে আমেরিকার সম্পর্ক কিংবা ইরানের মধ্যপ্রাচ্য নীতিতে কোনো পরিবর্তন আসবে না বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তিনি স্পষ্ট করে বলেছেন, ‘আমরা বার বারই বলেছি, আঞ্চলিক বা আন্তর্জাতিক কোনো বিষয় নিয়ে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা করছি না; এমনকি দ্বিপক্ষীয় কোনো বিষয় নিয়েও না। পরমাণু প্রকল্প নিয়ে আমাদের কিছু প্রত্যাশা রয়েছে এবং নিজেদের স্বার্থ বজায় রাখতে যা নিয়ে আমরা আমেরিকার সঙ্গে আলোচনা করেছি।’
 
তিনি বলেন, ‘আমরা এই অঞ্চলে (মধ্যপ্রাচ্যে) আমাদের মিত্র ইয়েমেন, সিরিয়া, ইরাক, বাহরাইন লেবানন এবং ফিলিস্তিনের জনগণকে সমর্থন দেয়া কখনও বন্ধ করব না। এমন কি এই চুক্তির পর দাম্ভিক যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কেও কোনো পরিবর্তন আসবে না।’
 
এ সপ্তাহে ইরানের সঙ্গে ছয় বিশ্বশক্তির ঐতিহাসিক পরমাণু চুক্তি হয়। চুক্তির পর হাজারো মানুষ তেহরানের রাস্তায় নেমে উত্সব করেছে। দেশটির সাধারণ জনগণের প্রত্যাশা, এর মাধ্যমে ইরানের ওপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উঠে যাবে। এতে দেশের অর্থনীতি পুনর্গঠিত এবং স্থিতিশীল হবে।

সূত্র: বিডিনিউজ।