মিসরের সিনাই উপত্যকায় দফায় দফায় সংঘর্ষে সাত সেনা ও ৫৯ জন জঙ্গি নিহত হয়েছে। দেশটির সেনাবাহনীর এক মুখপাত্র এই তথ্য জানিয়েছেন। রবিবার আল-জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বিগ্রেডিয়ার জেনারেল মোহম্মদ সামি এক বিবৃতিতে জানিয়েছেন, রবিবার সেনাবাহিনীর দু'টি চেকপয়েন্টে সন্ত্রাসীদের ছোড়া রকেট হামলায় তিন সেনা সদস্য নিহত হয়। এর পরপরই সন্ত্রাসী বিরোধী অভিযান শুরু করে দেশটির সামরিক বাহিনী।
উত্তর সিনাই এর রাফা, এল আরিস এবং শেখ জুয়েদ এলাকায় সেনাবাহিনীর সঙ্গে জঙ্গিদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে।
বিবৃতিতে বলা হয়, বিমান বাহিনীর সহায়তায় সেনাবাহিনী সন্ত্রাসীদের ১৪টি আস্তানায় হামলা চালানো হয়। এসময় অনেক জঙ্গি নিহত হয়।
মিসরের প্রেসিডেন্ট ড. মুহাম্মাদ মুরসিকে ২০১৩ সালের জুলাই মাসে উত্খাত করে সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আস-সিসি ক্ষমতায় বসার পর থেকে সিনাই উপত্যকায় গোলযোগ চলে আসছে। সূত্র: আল-জাজিরা।
