রাজধানীতে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন

আপডেট : ২০ জুলাই ২০১৫, ১৯:০৩
 
রাজধানীর তুরাগের বাউনিয়া এলাকায় আবুল হাশেম (৪২) নামে এক ব্যক্তিকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে তারই মাদকাসক্ত ছেলে মানিক। ঈদের আগের দিন শুক্রবার বিকালে এ ঘটনা ঘটে। পরে পুলিশ মানিককে গ্রেফতার করে। তিনি মাদকাসক্ত বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। 
 
তুরাগ থানার ওসি মাহবুবে খোদা বলেন, গাজীপুরের বড়বাড়ি এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন আবুল হাশেম। ঐ এলাকাতেই তার একটি মুদি দোকান রয়েছে। মানিক মাদকাসক্ত হওয়ায় প্রায়ই টাকা নিয়ে বাবা-মার সঙ্গে তার ঝগড়া হতো। মাদক কেনার টাকা না পেলে তিনি (মানিক) অনেক সময় ভাংচুর করতেন।
 
শুক্রবার দুপুরে কাউকে কিছু না জানিয়ে বাবার মোটরসাইকেল নিয়ে বাউনিয়া পূর্বপাড়া এলাকায় মামা বেলালের বাসায় যান মানিক। কিছুক্ষণ পর মোটরসাইকেল খুঁজতে গিয়ে আবুল হাশেম জানতে পারেন মানিক সেটি নিয়ে তুরাগে গেছেন। এতে তার সন্দেহ হয়, মাদকের টাকার জন্য মানিক মোটরসাইকেলটি বিক্রি করে দিতে পারেন। হাশেম তুরাগে শ্যালকের বাসায় চলে আসেন। সেখানে ছেলের কাছ থেকে তিনি মোটরসাইকেলটি কেড়ে নেন। এ নিয়ে বাবা-ছেলের মধ্যে প্রচণ্ড বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে হাশেম মোটরসাইকেল নিয়ে ঐ বাসা থেকে বের হন।
 
মামার বাসার রান্নাঘর থেকে বটি নিয়ে তার পিছু ধাওয়া করেন মানিক। বাসার সামনের রাস্তায় তিনি বটি দিয়ে হাশেমকে এলোপাথাড়ি কোপান। রক্তাক্ত হয়ে হাশেম লুটিয়ে পড়লে মানিক পালিয়ে যান। স্বজনরা দ্রুত হাশেমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে বিকাল ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
 
হত্যার ঘটনায় নিহতের স্ত্রী বুলি বেগম মানিককে একমাত্র আসামী করে একটি মামলা করেছেন।
 
নিহতের ভাতিজা মাসুদ রানা জানান, অনেক বুঝিয়েও পরিবারের লোকজন মানিককে মাদক থেকে দূরে রাখতে পারেনি। পরে তাকে একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়। সেখানে প্রায় ছয় মাস চিকিৎসা নেয়ার পর কিছুদিন আগে মানিক বাড়ি ফেরেন।