বাংলাদেশ-ভারত সরকারী পর্যায়ে সমন্বয় বৈঠক

আপডেট : ২০ জুলাই ২০১৫, ২২:৫২

ছিটমহল বিনিময় বাস্তবায়নের লক্ষে ৬ জুলাই থেকে শুরু হওয়া বাংলাদেশ-ভারতের যৌথ জরিপ কর্মসূচি আনুষ্ঠানিক ভাবে শেষ হয়েছে ১৬ জুলাই। দশ দিনের জরিপ শেষে আজ সোমবার (২০ জুলাই) বিকাল চারটায় লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর সংলগ্ন ভারতের কুচবিহার জেলার চ্যাংড়াবান্ধায় সরকারী পর্যায়ে এক সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয়।

কুচবিহার জেলার চ্যাংড়াবান্ধা এলাকার বিএম মিলনায়তনে শুরু হওয়া এ বৈঠক কুচবিহারের এডিএম চিরঞ্জীব ঘোষ ৬ সদস্যের ভারতীয় দলের নেতৃত্ব দেন। বৈঠক শেষে পৌনে ৯ টায় রাতে প্রতিনিধি দলের প্রধান লালমনিরহাট জেলা প্রশাসক হাবিবুর রহমান জানান, বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় ১১১টি ছিটমহলের ৭৭৯ জন ভারতে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছে।
 
অপরদিকে ভারতের অভ্যন্তরে বাংলাদেশী ৫১ টি ছিটমহলের কেউ বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেনি। ভারতে যেতে আগ্রহী ব্যক্তিগণ  আগামী ১ আগষ্ট থেকে ৩ রা নভেম্বর পর্যন্ত ভারতে যেতে পারবে।
লালমনিরহাট জেলা প্রশাসক হাবিবুর রহমানের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল বিকাল সাড়ে ৩টায় বৈঠকে অংশ নেয়ার জন্য লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর হয়ে ভারতের চ্যাংড়াবান্ধায় যায়। এ সময় বাংলাদেশের প্রতিনিধিদলকে চ্যাংড়াবান্ধায় ফুল দিয়ে স্বাগত জানান কুচবিহারের এডিএম চিরঞ্জীব ঘোষ।