নাশকতার ৫৬ মামলায় বিএনপির চার নেতাকে দেয়া হাইকোর্টের আগাম জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়েছে চেম্বার আদালত। ২৭ জুলাই শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে। মঙ্গলবার চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এই আদেশ দেন।
চার নেতা হলেন-বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, তরিকুল ইসলাম ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু।
রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে থাকা অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। বিএনপির চার নেতার পক্ষে ছিলেন আইনজীবী এম মাহবুব উদ্দিন খোকন। তাকে সহযোগিতা করেন সগীর হোসেন ও একেএম এহসানুর রহমান।
গত ৯ জুলাই পৃথক পৃথক আবেদনের প্রেক্ষিতে বিএনপির চার নেতাকে চার সপ্তাহের আগাম জামিন দেন বিচারপতি মো. জিয়াউল করিম ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চ। ১৪ জুলাই এই জামিনের স্থগিতাদেশ চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
