টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আমানুর রহমান খান (রানা) এবং পৌর মেয়র সহিদুর রহমান খান মুক্তিকে নিম্ন আদালতে আত্মসমর্পণের পূর্বে গ্রেফতার বা হয়রানির না করার হাইকোর্টের আদেশ স্থগিত করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন মঙ্গলবার এই আদেশ দেন।
গত ১৪ জুলাই হাইকোর্টের অবকাশকালীন ডিভিশন বেঞ্চ আগাম জামিন না দিয়ে রানা ও মুক্তিকে দুই সপ্তাহের মধ্যে নিন্ম আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়। একই সঙ্গে এ সময়ের মধ্যে তাদেরকে গ্রেফতার বা হয়রানি না করতে পুলিশকে নির্দেশ দেয়া হয়। হাইকোর্টের এই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। আবেদনের পক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা, রানা ও মুক্তির পক্ষে আইনজীবী বাসেত মজুমদার ও শাহ মঞ্জুরুল হক উপস্থিত ছিলেন।
শাহ মঞ্জুরুল হক বলেন, আদালত গ্রেফতার বা হয়রানি না করার আদেশ স্থগিত করেছে। তবে আত্মসমর্পণের আদেশ বহাল রয়েছে।
টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা ফারুক আহমেদকে ২০১৩ সালের ১৮ জানুয়ারি রাতে শহরের কলেজ পাড়ার বাসার সামনে গুলি করে হত্যা করা হয়। হত্যার তিন দিন পর ফারুকের স্ত্রী নাহার আহমেদ টাঙ্গাইল মডেল থানায় অজ্ঞাত পরিচয়ের আসামিদের বিরুদ্ধে একটি মামলা করেন। ওই মামলায় গ্রেফতারকৃত আসামি আনিসুল ইসলাম রাজা এবং মোহাম্মদ আলী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এতে হত্যাকাণ্ডের সঙ্গে রানা ও মুক্তির সংশ্লিষ্টতা রয়েছে বলে জবানবন্দিতে উল্লেখ করে।
