অবসরের আগে টেস্টে নেতৃত্ব চান ইউনুস খান

আপডেট : ২১ জুলাই ২০১৫, ২২:০৩
 
অবসরের আগে আবার অন্তত একবারের জন্য হলেও টেস্ট দলকে নেতৃত্ব দেয়ার আগ্রহের কথা জানিয়েছেন পাকিস্তানের বর্ষীয়ান ব্যাটসম্যান ইউনুস খান। ৩৭ বছর বয়সী সাবেক এই অধিনায়ক আরো ইঙ্গিত দিয়েছেন, এখনো ওয়ানডে ক্রিকেটে খেলার সব ধরনের যোগ্যতা রয়েছে তার।
 
সীমিত ওভারের ম্যাচে সুযোগ পেলে দলের জন্য অবদান রাখতে তিনি প্রস্তুত। ইউনুস বলেছেন, একবার যদি দলকে নেতৃত্ব দেবার সুযোগ পান তবে সেই চ্যালেঞ্জ তিনি সানন্দেই গ্রহণ করে নিবেন। পাকিস্তানের হয়ে সর্বাধিক টেস্ট সেঞ্চুরির মালিক ইউনুস ২০০৯ সালে তিন ধরনের ফর্মেটেই পাকিস্তানের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। তবে দলের মধ্যে কিছু খেলোয়াড়ের অন্তর্দ্বন্দ্বের কারণে তাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে নেয়া হয়।
 
ইংল্যান্ডে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে তারই নেতৃত্বে পাকিস্তান শিরোপা লাভ করেছিল। ওই বছরই তাকে অধিনায়কের দায়িত্ব থেকে সরিয়ে মোহাম্মদ ইউসুফকে দায়িত্ব দেয়া হয়। পরবর্তীতে ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে শহীদ আফ্রিদিকে দায়িত্ব দেয়া হয়। 

ইউনুস জানিয়েছেন, তিনি সবসময় বিশ্বাস করেন একজন সিনিয়র খেলোয়াড় হিসেবে অধিনায়কের দায়িত্ব পাওয়া বড় গৌরবের। সে কারণেই তিনি আবারো বর্তমান দলকে নেতৃত্ব দিতে চান। তিনি আরো বলেছেন, বর্তমান অধিনায়ক মিসবাহ-উল-হকের সাথে তার তুলনা করাটা সঠিক কাজ হবে না।
 
তার মতে মিসবাহর থেকে অভিজ্ঞতা এবং ক্যারিয়ারে সে বড়, সে কারণেই তার সাথে তুলনার কোন অর্থ নেই। 
 
বর্তমানে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে পাকিস্তানের অবস্থান নিয়ে কথা বলেছেন ইউনুস খান। তার মতে ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করতে না পারলে পুরো দায়িত্ব নির্বাচকদেরই নিতে হবে। বর্তমান দলটিকে আরো বেশী ধারাবাহিক ও স্থায়ী হবার আহবান জানিয়েছেন তিনি।