‘আশরাফের সঙ্গে বিএনপির বক্তব্যের পার্থক্য নেই’

আপডেট : ২১ জুলাই ২০১৫, ২২:০৬
 
‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এবং বিএনপির মনোভাবের মধ্যে কোনো পার্থক্য নেই’ বলে মন্তব্য করেছেন দলটির মুখপাত্রের দায়িত্বে থাকা আন্তর্জাতিক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।
 
মঙ্গলবার নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
‘প্রশাসনকে দলীয়করণ ও নিরপেক্ষ রাখতে চাই’ জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্যকে সাধুবাদ জানিয়ে আসাদুজ্জামান রিপন বলেন, ‘আশরাফ যে কথা বলেছেন, আশা করি তিনি তার মূল্য রাখবেন এবং তিনি সেটা বাস্তবায়ন করে প্রমাণ করবেন। এর জন্য তিনি একটি কমিটি গঠন করবেন। যাতে প্রশাসন দলবাজ ও আজ্ঞাবহ থেকে মুক্তি লাভ করে।’
 
রিপন বলেন, ‘সাধারণত এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ে কোনো সিনিয়র ও হাইপ্রোফাইল নেতা মন্ত্রী ছিলেন না। এই প্রথম কোনো হাইপ্রোফাইল নেতা জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন। তিনি দায়িত্ব নেয়ার পর প্রশাসন দলীয় প্রভাবমুক্ত ও নিরপেক্ষ থাকবে। এটাই কাম্য ও প্রত্যাশিত।’
 
তিনি বলেন, ‘আশা করি প্রশাসনের দক্ষ, সত্ ও যোগ্য কর্মকর্তা যাদের ওএসডি করে রাখা হয়েছে তাদের ফিরিয়ে আনতে সৈয়দ আশরাফ কমিটি গঠন করবেন। আশরাফ যে তার বক্তব্যকে ওন করেন, আশা করি—তিনি তার কাজের মাধ্যমে কথা রাখবেন।’
 
এ সময় ছাত্রদল সভাপতি রাজিব আহসানকে গ্রেফতারের নিন্দা জানান রিপন।
 

এ ছাড়া, ঈদের দিন হবিগঞ্জের কারাগারে বিএনপি নেতা জি কে গউছের ওপর হামলার নিন্দা জানিয়ে রিপন বলেন, ‘বিএনপি নেতারা আগে থেকেই রাজপথ, ঘর ও কর্মস্থলে নিরাপত্তাহীন ছিলেন। এখন কারাগারেও তাদের নিরাপত্তা নেই। জি কে গউছের ওপর হামলার ঘটনায় সারা দেশের কারাগারে আটক বিএনপি নেতাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।’