গোপালগঞ্জে যুবদল-ছাত্রদলের ৪ নেতা কর্মী আটক

আপডেট : ২২ জুলাই ২০১৫, ০০:১৯

গোপালগঞ্জে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতিকে গ্রেফতারের প্রতিবাদে অন্দোলন কর্মসূচী ও সভা করার সময় জেলা যুবদল সভাপতিসহ ছাত্রদলের ৪ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত ৮ টার দিকে জেলা সদরের মান্দারতলা এলাকা থেকে পুলিশ তাদের আটক করে।

আটককৃতরা হলেন, জেলা যুবদল সভাপতি এ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক সবুজ মোল্লা, যুগ্ম আহবায়ক মিকাইল ইসলাম, ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক সিকদার শহিদুল ইসলাম লেলিনের ছোট ভাই সিকদার শরিফুল ইসলাম সবুজ।
গোপালগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক সিকদার শহিদুল ইসলাম লেলিন বলেন, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি সেলিমুজ্জামান সেলিম ঢাকা থেকে খুলনা যাওয়ার পথে গোপালগঞ্জ শহরতলীর  মান্দারতলায় যাত্রাবিরতি করে যুবদল ও ছাত্রদলের নেতা কর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করে চা পান করেন। তিনি খুলনার উদ্দেশ্যে রওনা দেয়ার পর পুলিশ মান্দারতলা এলাকা থেকে জেলা যুবদলের সভাপতি, ছাত্রদলের দুই নেতা ও ছোট ভাই চাকুরিজীবী সবুজকে পুলিশ আটক করে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকির হোসেন মোল্লা জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে কোন মমলা বা গ্রেফতারী পরোয়ানা নেই। তবে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে শহরের মান্দারতলা এলাকায় কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতিকে গ্রেফতারের প্রতিবাদে অন্দোলন কর্মসূচী নিয়ে মিটিং করছিল। এছাড়া তারা সরকার পতন অন্দোলন নিয়ে শলাপরামর্শ করছিল। এমন সংবাদের ভিত্তিতে আমরা সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করি। এ সময় অন্যান্য নেতা কর্মীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।