মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন

রিপাবলিকান পার্টির মনোনয়নের দৌড়ে এগিয়ে জেব বুশ

আপডেট : ২২ জুলাই ২০১৫, ০১:২৬

যুক্তরাষ্ট্রে আগামী বছর অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনে এরই মধ্যে দেশটির রিপাবলিকান পার্টি থেকে প্রার্থী হিসেবে মনোনয়ন পেতে মরিয়া হয়ে মাঠে নেমেছেন সাবেক প্রেসিডেন্ট সিনয়র বুশের পুত্র ও জুনিয়র বুশের সহদর ফ্লোরিডার সাবেক গভর্নর জেব বুশ। প্রথম দিকে তার মনোনয়ন নিয়ে বেশ সংশয় থাকলেও দিন যত গড়াচ্ছে ততই উজ্জ্বল হয়ে উঠছে তার মনোনয়ন জেতার সম্ভাবনা।

 
সর্বশেষ বিভিন্ন জরিপে দেখা গেছে, জেব বুশের মনোনয়ন পাবার সম্ভাবনা বর্তমানে প্রায় ৫১ শতাংশ। অথচ গত মাসেও এই সম্ভাবনা ছিল মাত্র ৩৫ শতাংশ। অল্প সময়ের মধ্যে তার সম্ভাবনার সূচক এত দ্রুত বৃদ্ধি পাওয়ায় মার্কিন রাজনৈতিক বিশ্লেষকরাও মন্তব্য করেছেন, জেবের মনোনয়ন পাওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। মনোনয়নের সম্ভাবনার দৌঁড়ে জেবের পর আছে উইসকনসিন অঙ্গরাজ্যের গভর্ণর স্কট ওয়াকারের। তবে তার ক্ষেত্রে সম্ভাবনার হার মাত্র ২৫ শতাংশ। গত মাসেও তার সম্ভাবনার অঙ্ক এটাই ছিল। অন্যদিকে, সিনেটর মার্কো রুবিওকে নিয়ে গত কয়েকমাস বেশ আলোচনা হলেও ৩০ শতাংশ থেকে তার সম্ভাবনার হার নেমে দাঁড়িয়েছে  ২০ শতাংশে। এক সমীক্ষায় দেখা গেছে, জেব বুশ তার দলের কাছেও প্রার্থী হিসেবে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। অপরদিকে ডেমোক্র্যাট দলের সম্ভাব্য প্রার্থী হিলারীর জনপ্রিয়তা রয়েছে ৫৩ শতাংশ।