সাম্প্রতিক সময়ে প্রযুক্তিবিশ্বের অন্যতম আলোচিত টপিকে পরিণত হয়েছে ‘হ্যাকিং টিম’। এই হ্যাকার দলের অব্যাহত আক্রমণের কারণে এরই মধ্যে বড় বড় কিছু প্রযুক্তি প্রতিষ্ঠানের তথ্য হাতিয়ে নিতে সমর্থ হয়েছে হ্যাকাররা।
হ্যাকিং টিম বিভিন্ন সফটওয়্যার এবং অনলাইন সেবায় নজরদারির জন্য টুলস তৈরি করে বিক্রি করে থাকে। বিশেষত সরকারি বিভিন্ন সংস্থা, আইন-শৃঙ্খলা বাহিনী এবং কর্পোরেট প্রতিষ্ঠানের তথ্য হাতিয়ে নিতে কাজ করে থাকে হ্যাকিং টিমের সারভাইল্যান্স টুল। বিশেষ করে কিছুদিন আগে তাদের এক হ্যাকিংয়ের ফলে ৪০০ গিগাবাইট কর্পোরেট তথ্য হাতিয়ে নেওয়ার ঘটনা সাড়া ফেলে প্রযুক্তিবিশ্বে।
হ্যাকিং টিমের কারণেই মাইক্রোসফট এবং অ্যাডোবিকেও নতুন আপডেট নিয়ে আসতে হয়েছে তাদের সফটওয়্যারগুলোর সুরক্ষার জন্য। বিশেষজ্ঞরা বলছেন, হ্যাকিং টিমের ম্যালওয়্যার কোনো পিসিতে একবার আক্রমণ করলে হার্ডডিস্কের সব তথ্য মুছে ফেললেও এই ম্যালওয়্যার দূর নাও হতে পারে। হ্যাকিং টিমের এই মারাত্মক ম্যালওয়্যার নিয়ে যখন প্রযুক্তিবিশ্ব ঝুঁকিতে রয়েছে তখন রুক সিকিউরিটির গবেষকরা হ্যাকিং টিমের ম্যালওয়্যার শনাক্ত করার উপযোগী নতুন টুল নিয়ে হাজির হয়েছেন।
মিলানো নামের এই সিকিউরিটি টুল সকলের জন্য বিনামূল্যে উন্মুক্ত করা হয়েছে www.rooksecurity.com/resources/downloads সাইটে। হ্যাকিং টিমের সাম্প্রতিক সময়ের হ্যাকিং কার্যক্রম বিশ্লেষণ করে ক্ষতিকর ফাইলগুলোকে শনাক্ত করতে সক্ষম। কুইক বা ডিপ সিস্টেম স্ক্যানের মাধ্যমে কাজ করে থাকে মিলানো। এরই মধ্যে উইন্ডোজের ৯৩টি বাইনারি এবং ৪০টি ভিন্ন ভিন্ন ফরম্যাটের ফাইল বিশ্লেষণ করে এগুলোকে ক্ষতিকর হিসেবে হাইলাইট করতে সমর্থ হয়েছে মিলানো।
সম্প্রতি হ্যাক হওয়া ৪০০ গিগাবাইট তথ্য নিয়েও বিশ্লেষণ করে যাচ্ছে রুট সিকিউরিটির বিশেষজ্ঞরা। তাতে করে সন্দেহজনক আরও ফাইলের গতিবিধি নজরে আসলেই সেগুলোকে যুক্ত করা হবে মিলানোর তালিকায়। রুট সিকিউরিটির গবেষকরা বলেছেন, ‘ডায়নামিক, স্ট্যাটিক এবং ম্যানুয়াল পদ্ধতিতে বিশ্লেষণ করেই তারা সন্দেজনক ক্ষতিকর ফাইলগুলোর তালিকা তৈরি করেছেন। ভাইরাস টোটাল, ক্যাসপারস্কি হোয়াইটলিস্টিং এবং পালোআলটো ফায়ারওয়ালের ওয়াইল্ডফায়ারের সাথে তুলনা করেই তালিকায় স্থান করে দেওয়া হয়েছে ফাইলগুলোকে।
এসব ফাইলের যেকোনো একটি যদি পিসিতে পাওয়া যায়, ধরে নিতে হবে পিসিতে হ্যাকিং টিমের আক্রমণ হয়েছে এবং তাতে তথ্য চুরি যাওয়ার সম্ভাবনাই বেশি।’ রুট সিকিউরিটির পাশাপাশি এর মধ্যে ফেসবুকের অসকোয়ারি টুলসেরও আপডেট প্রদান করা হয়েছে। হ্যাকিং টিমকে ঠেকানোর জন্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর এসব উদ্যোগ নিয়ে অবশ্য এখনও কোনো ধরনের প্রতিক্রিয়া জানায়নি হ্যাকিং টিম।
