ওয়েবসাইট হ্যাক করে বিবাহিতদের গোপন প্রেমের তথ্য চুরি

আপডেট : ২২ জুলাই ২০১৫, ০৯:৫৮
 
বিবাহিত নারী-পুরুষরা গোপন প্রেমের সুযোগ দেয়া অ্যাশলে ম্যাডিসন নামের ওয়েবসাইটটি হ্যাকিং হয়েছে। হ্যাকাররা বলছেন, সাইটটির ব্যবহারকারীদের নাম, ঠিকানা এবং তাদের গোপন যৌন ফ্যান্টাসির সমস্ত তথ্য এখন তাদের হাতে।
 
সাইটের পক্ষ থেকে হ্যাকিংয়ের কথা স্বীকার করা হয়েছে। তবে তথ্য চুরির মাত্রা কতটা কর্তৃপক্ষ তা বলেনি। তবে অনলাইন নিরাপত্তা বিষয়ে একজন বিশেষজ্ঞ জানিয়েছেন, কিছু লোকের নানা তথ্য ইতিমধ্যেই অনলাইনে ফাঁস করে দেয়া হয়েছে। ব্রায়ান ক্রেবস্‌ বলেন, ইমপ্যাক্ট টিম নামে এই হ্যাকাররা হুমকি দিয়েছে অ্যাশলে ম্যাডিসন ওয়েবসাইটটি বন্ধ না করা হলে, তারা আরো মানুষের গোপন তথ্য ফাঁস করতে থাকবে।
 
অ্যাশলে ম্যাডিসন কর্তৃপক্ষ, এই সাইবার সন্ত্রাসের জন্য ব্যবহারকারীদের কাছে দুঃখ প্রকাশ করেছেন। বিবিসিকে তারা বলেছেন, ব্যবহারকারীদের বিনা পয়সায় অ্যাকাউন্ট মুছে ফেলার অনুমতি দেয়া হচ্ছে।
 

পঞ্চাশটির মতো দেশে তিন কোটি ৭০ লাখ বিবাহিত নারী পুরুষ এই ডেটিং সাইটটি ব্যবহার করে। ওয়েব সাইটটির বিজ্ঞাপনের শ্লোগান হলো -- জীবনে সময় কম, একটি প্রেম করুন।