বেইল আউট চুক্তির ভিত মজবুত করতে দ্বিতীয়বার সংস্কার প্রস্তাবে ভোট দেয়ার প্রস্তুতি নিচ্ছে গ্রিসের পার্লামেন্ট। বুধবার বিলটি পার্লামেন্টে আনার কথা রয়েছে। এ দিন সন্ধ্যায় সংসদে এ জরুরি আলোচনা চলাকালে দেশটির সরকারি খাত ইউনিয়ন বিক্ষোভের ডাক দিয়েছে। আর্থিক ও বিচারিক সংশ্লিষ্ট এ সংস্কার প্রস্তাবটি যদি পাস হয় তবে অর্থনৈতিক দুর্দশা থেকে মুক্তি পাবার লক্ষ্যে দাতাদের প্রদেয় ৮৬ বিলিয়ন ইউরো ঋণের যথাযথ ব্যবস্থাপনা করতে পারবে দেশটি। খবর বিবিসির।
দেশটির প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস তার দল সিরিজা পার্টির সদস্যদের পুনরায় একত্রীকরণের চেষ্টা করছেন। এ লক্ষ্যে প্রধানমন্ত্রী বলেন, ইউরোজোনে থাকতে গ্রিক জনগণ আশায় বুক বেঁধে আছে। আশা করা হচ্ছে—বিরোধী দলের সমর্থনে প্রস্তাবটি পাস করা যাবে। কিন্তু গত সপ্তাহে প্রথম সংস্কার প্রস্তাবে নিজ দলের ১৪৯ জনের মধ্যে ৩২ জন বিপক্ষে ভোট প্রদান করেন। এদের মধ্যে সাবেক অর্থমন্ত্রী ইয়ানিস ভারোফাকিসও ছিলেন। এ ছাড়া ৬ জন ভোটদানে বিরত থাকেন। এ কারণে, সিপ্রাসকে নিজ দলের এ সব বিদ্রোহীদের এড়িয়ে চলতে হবে। তবে মঙ্গলবার রাতে দলের সংসদ সদস্যদের (এমপি) উদ্দেশে বলেন, এখন পর্যন্ত আমি ভালোই প্রতিক্রিয়া দেখছি। এ ছাড়া, বিকল্প কোনো প্রস্তাবের কথা এখনো আমার কানে আসেনি। এর আগে দাতারা একটি মিশ্র অর্থনৈতিক সংস্কার ও বাজেট হ্রাস করার দাবি জানিয়ে ঋণের অর্থ ছাড়ের বিষয়ে সম্মত হন। আর তাদের এ দাবি বাস্তবায়নের লক্ষ্যে গত সপ্তাহে ওই ভোটাভুটির আয়োজন করা হয়েছিল।
নতুন এ সংস্কার প্রস্তাবটি আগের চেয়ে আরো সুসংগঠিত ও কাঠামোবদ্ধ করা হয়েছে। এতে জনগণকে রক্ষায় আদালতে দায়ের করা মামলাগুলো দ্রুততার সাথে সমাধান করা এবং ব্যাকগুলোকে আরো শক্তিশালী করা এবং ১ লাখের কম ইউরো জামানতকারীদের প্রয়োজনীয় সহায়তা দেয়ার ব্যবস্থা করতে ইইউর নির্দেশনা মেনে চলার কথা বলা হয়েছে। তবে অকালীন অবসর এবং কর বৃদ্ধিমূলক বিতর্কিত ইস্যুগুলোর বিষয়ে আগামী মাসে সিদ্ধান্ত নেওয়া হবে।
এ দিকে, গত সোমবার দেশটি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ২.০৫ বিলিয়ন ইউরো ঋণ প্ররিশোধ করেছে বলে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে। এ ছাড়া, আর কোনো বকেয়া নেই বলেও জানায় সংস্থাটি। এর পরের কিস্তির চূড়ান্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে আগামী ২০ আগস্ট। এ সময় দেশটিকে ৩ দশমিক ২ বিলিয়ন ইউরো ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংককে (ইসিবি) পরিশোধ করতে হবে। এরপর আইএমএফকে সেপ্টেম্বরে ১ দশমিক ৫ বিলিয়ন ইউরো ঋণের অর্থ প্রদান করতে হবে।
অন্য দিকে গত মঙ্গলবার ঋণসূচক সংস্থা স্টান্ডার্ড অ্যান্ড পুরসের করা এক পরিসংখ্যানে দেখা গেছে, দেশটির অবস্থান দুই ধাপে বেড়ে সিসিসি মাইনাস থেকে সিসিসি প্র্যাসে এসে দাঁড়িয়েছে।
ও দিকে, তিন সপ্তাহ বন্ধ থাকার পর দেশটির ব্যাংকগুলো সোমবার থেকে আবার খুলতে শুরু করেছে।
