নাইজেরিয়ায় পুনর্গঠনে অর্থ-সহায়তা দেবে বিশ্বব্যাংক

আপডেট : ২২ জুলাই ২০১৫, ১৭:৪০
 
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকার পুনর্গঠনে ২১০ কোটি ডলার সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক। মঙ্গলবার ওয়াশিংটনে বিশ্বব্যাংকের কর্মকর্তাদের সাথে আলোচনা শেষে এক বিবৃতিতে দেশটির প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি এ কথা জানিয়েছেন। খবর বিবিসির।
তবে যে অঞ্চলের উন্নয়নে এ সহায়তার প্রতিশ্রুতি আসলো, সেটি দেশটির জঙ্গিগোষ্ঠী বোকো হারাম নিয়ন্ত্রিত এলাকা হিসেবে বিবেচিত।
প্রেসিডেন্ট বুহারি বলেন, অগ্রাধিকার-ভিত্তিতে অবকাঠামোগত উন্নয়নে গুরুত্ব দেওয়া হবে এবং ওই এলাকায় সহিংসতায় যারা উদ্বাস্তু হয়েছেন, তাদেরকেও সহায়তা দেয়া হবে। সহিংসতায় ১০ লাখের বেশি লোক গৃহহীন হয়েছে। ২০০৯ সাল থেকে দেশটিতে বোকো হারামের সহিংসতায় এ পর্যন্ত হাজার হাজার মানুষ নিহত হয়েছে। তাই এ জঙ্গি গোষ্ঠীটিকে দমনে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন বুহারি।
এ ছাড়া, তহবিলের অর্থ কী ভাবে ব্যয় হচ্ছে, সেটি তদারকি করতে একটি পর্যবেক্ষক দল পাঠানোর আহ্বান জানান প্রেসিডেন্ট। প্রথম ১০ বছর বিনা সুদে এই ঋণ দেয়া হবে বলে আশা করা হচ্ছে।
জঙ্গি গোষ্ঠীটির বিরুদ্ধে প্রচারণা চালানোয় সোমবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বুহারিকে তার সমর্থনের কথা ব্যক্ত করেন। এ বছরের শুরুর দিকে নাইজেরীয় এই নেতা প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর জঙ্গিবিরোধী লড়াইয়ে যুক্তরাষ্ট্র ৫০ লাখ  ডলার দেয়ার প্রতিশ্রুতি দেয়।