‘এবারের ঈদে দুর্ঘটনায় ৫০ জনের প্রাণহানি ঘটেছে। গত বছরের থেকে এবার দুর্ঘটনা কম ঘটেছে। গতবছর প্রাণহানির ঘটেছিল ৯০ জনের। যেসব জায়গায় দুর্ঘটনা ঘটত সেখানে অনেক কমে গেছে।’ বুধবার সচিবালয়ে ঈদে ঘরমুখী এবং কর্মস্থল ফেরত মানুষের যাতায়াত নির্বিঘ্নে করতে গঠিত মনিটরিং টিমের কার্যক্রম পর্যালোচনা সভা শেষে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘এবার ঘরমুখো মানুষের যাত্রা এবং কর্মস্থলে ফিরে আসা অতীতের যেকোনো সময়ের চেয়ে ছিল অধিক স্বস্তির। আগেই বলেছিলাম দেশের সড়ক-মহাসড়ক যানজটের কারণ হবে না। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নিবিড় মনিটরিংয়ে মানুষ নিরাপদে ঈদ উদযাপন করে ফিরে আসতে পারায় আমরা আনন্দিত।’
সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এম এ এন ছিদ্দিক, সওজের প্রধান প্রকৌশলী মো. ফিরোজ ইকবাল, বিআরটিএর চেয়ারম্যান নজরুল ইসলাম, বিআরটিসির চেয়ারম্যান মো. মিজানুর রহমান, ডিটিসিএর নির্বাহী পরিচালক মো. কায়কোবাদ হোসেনসহ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
