পছন্দের মানুষকেই বিয়ে করতে বাসা থেকে বের হয়েছিল স্কুলছাত্রী এক কিশোরী। অথচ বিয়ে তো হলোই না, উল্টো ধর্ষিত হতে হল তাকে। পুরানো ঢাকায় ঘটেছে হৃদয়বিদারক ঘটনাটি। বরিশালের ওই কিশোরী মিরপুরের বাগবাড়িতে একটি মেসে থেকে স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানে নবম শ্রেণিতে পড়ছে। গত মঙ্গলবার প্রেমিককে বিয়ের উদ্দেশে লালবাগে গিয়ে ধর্ষণের শিকার হয় বলে ওই কিশোরী পুলিশকে জানিয়েছেন। ডাক্তারি পরীক্ষার জন্য ওই কিশোরীকে গতকাল বুধবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
কিশোরীর অভিযোগের পরিপ্রেক্ষিতে সৈকত ইসলাম রানা নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে বলে ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মুনতাসিরুল ইসলাম জানিয়েছেন। তিনি বলেন, ওই কিশোরী মঙ্গলবার সকালে তার প্রেমিকের সঙ্গে দেখা করতে সোয়ারীঘাট এলাকায় গিয়েছিলেন। সেখানে প্রেমিকের এক বন্ধুর বাসায় গিয়ে তারা বিয়ের সিদ্ধান্ত নেয়। সেই বাসা থেকে বেরিয়ে সোয়ারিঘাটের লোহারপুল এলাকায় তার প্রেমিক পানি পান করার কথা বলে সেখান থেকে চলে যায়। প্রেমিকের জন্য সেখানেই অপেক্ষা করছিলেন ওই কিশোরী। কিশোরীর অভিযোগ, প্রেমিকের জন্য অপেক্ষা করার সময় পাশের গাউছিয়া মার্কেটের ব্যবসায়ী সৈকত ইসলাম রানা ও তার দুই বন্ধু পাশের বাসায় নিয়ে তাকে ধর্ষণ করে। ধর্ষিতা কিশোরী ওই বাড়ি থেকে বের হলে লোহারপুল এলাকায় তার প্রেমিকের সঙ্গে আবার তার দেখা হয়। বিষয়টি কিশোরী প্রেমিককে জানালে তারা টহল পুলিশের সহায়তায় লালবাগ থানায় যায়। উপ-কমিশনার মুনতাসিরুল বলেন, মেয়েটি লালবাগ থানায় একটি মামলা করবে বলে পুলিশকে জানিয়েছে। বিষয়টি এখন প্রক্রিয়াধীন। মেয়েটির অভিভাবকদের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি ধর্ষণে জড়িত বাকী দু’জনকেও গ্রেফতারের জন্য পুলিশ খুঁজছে বলে জানান তিনি।
