সাবিনা ইয়াসমিন-এর ‘গানে গানে কিছুক্ষণ’

আপডেট : ২৩ জুলাই ২০১৫, ০১:৫৫

বাংলাদেশের সুর সম্রাজ্ঞী, আমাদের অহঙ্কার, জীবন্ত কিংবদন্তী, গানের পাখী সাবিনা ইয়াসমিন। সুরের আলোয় সবার জীবন ভরিয়ে দেন তিনি। রজনীগন্ধা ফুলের মতোই সুরের সৌরভ বিলিয়ে যাচ্ছেন দশকের পর দশক ধরে। গান গেয়েই যিনি বাংলাদেশকে পরিচয় করিয়ে দিয়েছেন সারা পৃথিবীর সাথে, তাকে নতুন করে পরিচয় করিয়ে দেয়ার প্রয়োজন নেই। কারণ পৃথিবীতে তিনি একজনই।

বরেণ্য এই কণ্ঠশিল্পীকে নিয়ে এটিএন বাংলা’র ঈদ অনুষ্ঠানমালার জন্য নির্মিত হয়েছে বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘গানে গানে কিছুক্ষণ’। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন রাসেল মাহমুদ। অনুষ্ঠানে শিল্পী গেয়েছেন তার কালজয়ী গান ‘শুধু গান গেয়ে পরিচয়’, ‘একি সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে’, ‘আমি রজনীগন্ধা ফুলের মতো’, ‘দুঃখ ভালোবেসে প্রেমের খেলা খেলতে হয়’, ‘কেউ কোনোদিন আমারে তো কথা দিলো না’, ‘যদি মরণের পরে প্রশ্ন করে’ এবং ‘সময় হয়েছে ফিরে যাবার’। অনুষ্ঠানে শিল্পীর শৈশব, বেড়ে ওঠা থেকে শুরু করে শিল্পী জীবনের অনেক অজানা ও গুরুত্বপূর্ণ কথা এবং জনপ্রিয় গানের পেছনের গল্প উঠে এসেছে। অনুষ্ঠানে তাকে নিয়ে স্মৃতিচারণ করেছেন দেশের বরেণ্য কয়েকজন সুরকার।