আজ আদালতে যাচ্ছেন খালেদা জিয়া

আপডেট : ২৩ জুলাই ২০১৫, ১০:২৮
জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট মামলায় হাজিরা দিতে বৃহস্পতিবার সকাল নয়টার দিকে গুলশানের বাসা থেকে আদালতে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
 
খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার এহসানুর রহমান এ তথ্য জানিয়েছেন।
 
গত ১৮ জুন জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার বাদী দুদকের উপপরিচালক হারুন অর রশিদকে আংশিক জেরা করেন খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। পরে আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ২৩ জুলাই পরবর্তী দিন ধার্য করে। বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ আদালত-৩-এর অস্থায়ী এজলাসে এ মামলার বিচারকাজ চলছে।
 
১৮ জুন একই আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায়ও হারুন অর রশিদকে জেরার দিন ধার্য ছিল। তবে হাইকোর্টে ওই সাক্ষীর সাক্ষ্য বাতিল ও নতুন করে সাক্ষ্য গ্রহণের জন্য করা আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সাক্ষ্য কার্যক্রম মুলতবির আবেদন জানান খন্দকার মাহবুব। 
 
এর পরিপ্রেক্ষিতে বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমেদ জমাদার ২৩ জুলাই পর্যন্ত সাক্ষ্য কার্যক্রম মুলতবি করেন।