ইরানের রাজধানী তেহরানে বুধবার বিক্ষোভরত দুই শতাধিক শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। তারা কারাগারে আটক শিক্ষকদের মুক্তির দাবিতে বিক্ষোভ করছিল।
প্যারিস ভিত্তিক ন্যাশনাল কাউন্সিল অব রেসিস্টেন্স অব ইরান (এনসিআরআই) নামের একটি অ্যাকটিভিস্ট সংগঠন জানায়, দেশের বিভিন্ন স্থান থেকে দুই হাজারের বেশি শিক্ষক ইরানের পার্লামেন্ট ভবনের বাইরে জড়ো হওয়ার পর কর্তৃপক্ষ তাদের ওপর দমন অভিযান শুরু করে। এ সময় তারা প্ল্যাকার্ড বহন করছিল এবং ‘গ্রেফতারকৃতদের মুক্ত কর’ বলে স্লোগান দিচ্ছিল।
ইরানের নির্বাসিত গণতন্ত্রপন্থী অ্যাক্টিভিস্টরা এক বিবৃতিতে জানায়, দাঙ্গা-বিরোধী পুলিশ মোটরবাইকে করে রাস্তায় টহল দিচ্ছিল এবং মেট্রো স্টেশনগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছিল। এতে আরো বলা হয়, ‘তেহরানে আজকের শিক্ষকদের বিক্ষোভস্থল থেকে ২০০ জনকে গ্রেফতার করা হয়েছে।’
সংগঠনটি আরো জানায়, বিক্ষোভরত শিক্ষকরা শিক্ষক ইউনিয়নের প্রধান ইসমাইল এবদির মতো রাজনৈতিক কর্মীদের মুক্তির দাবিতে সেখানে জড়ো হয়।
এনসিআরআই জনপ্রিয় পিপল’স মোজাহেদিন অর্গানাইজেশন অব ইরানসহ ইরানের বিরোধী জোটের একটি অংশ।
খবর বাসসের।
