যুক্তরাষ্ট্র ও আফগানিস্তানের নিরাপত্তা অংশীদারিত্ব আরো জোরদার করার উপায় নিয়ে আফগান প্রেসিডেন্টের সাথে আলোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউস সূত্রে এ কথা জানানো হয়। খবর সিনহুয়ার।
হোয়াইট হাউস সূত্রে জানা গেছে—বারাক ওবামা আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি এবং প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আব্দুল্লাহর সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেন। এ সময় ওবামা দেশটির সাম্প্রতিক সহিংস পরিস্থিতিতে নিরাপত্তা বাহিনীর কার্যক্রমের প্রশংসা করেন।
সূত্র আরো জানিয়েছে—গত মার্চে ক্ষমতায় আসার পর দেশটির উন্নয়ন ও সাফল্যে নেতাদের প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট। আলাপকালে তিনি দুর্নীতি কমানো, অর্থনৈতিক চাঙ্গাভাব তৈরি করা এবং আঞ্চলিক অর্থনৈতিক যোগাযোগে ভূমিকা রাখায় আফগান প্রেসিডেন্টকে সাধুবাদ জানান। এ সময় সন্ত্রাসের হুমকি মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর প্রতি গুরুত্বারোপ করেন ওবামা।
তবে আফগান পরিচালিত শান্তি প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত থাকবে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ওবামা। পুনরেকত্রীকরণের বিষয়ে ঘানি আন্তরিক প্রচেষ্টা চালানোয় তাকেও অভিনন্দন জানান তিনি।
এ দিকে আফগান সরকার ও তালেবানের সম্মতিতে এ মাসের শুরুর দিকে পাকিস্তানে দুপক্ষের প্রতিনিধিদের মধ্যে সরাসরি আলোচনা সম্পন্ন হয়।
