পাকিস্তানের বিপক্ষে আসন্ন দুই ম্যাচ টি-২০ সিরিজে সম্পূর্ণ তারুণ্য নির্ভর দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)। ফাস্ট বোলার বিনুরা ফার্নান্দো, লেগ স্পিনার জেফরি ভ্যান্ডারসে এবং তিন ব্যাটসম্যান শেহান জয়সুরিয়া, দুসান শানাকা এবং ধনঞ্জয় ডি সিলভাসহ পাঁচ নতুন মুখ জায়গা পেয়েছেন দলে।
বিশ্বকাপ জয়ী লাসিথ মালিঙ্গার নেতৃত্বাধীন দল থেকে বাদ পড়েছেন দিনেশ চান্ডিমাল এবং লাহিরু থিরিমান্নে। দলে ফিরেছেন চলমান ওয়ানডে সিরিজে না থাকা সর্বশেষ ২০১২ সালে শেষ আন্তর্জাতিক টি-২০ খেলা ফাস্ট বোলার নুয়ান কুলাসেকারা ।
প্রধান নির্বাচক কাপিলা বিজেগুনাবর্ধনে বলেন, ‘আমাদের একটি তারুণ্য নির্ভর দল থাকা দরকার, যাতে আগামী টি-২০ বিশ্বকাপ ও ৫০ ওভারের বিশ্বকাপের আগে একটি ক্রমবর্ধমান পরিবর্তনশীল সময় আমরা কাটিয়ে উঠতে পারি। তাদেরকে মাঠে নামিয়ে পরখ করে দেখা দরকার।’
আগামী ৩০ জুলাই এবং ১ আগস্ট দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।
শ্রীলংকা দল: লাসিথ মালিঙ্গা(অধিনায়ক), টি দিলশান, কুশল পেরেরা, কিথুরুয়ান ভিথানাগে, ধনঞ্জয় ডি সিলভা, এ্যাঙ্গেলো ম্যাথুজ, দুসান শানাকা, চামারা কাপুগেদারা, শেহান জয়সুরিয়া, থিসারা পেরেরা, জেফরি ভ্যান্ডারসে, নুয়ান কুলাসেকারা, বিনুরা ফার্নান্দো, চাতুরাঙ্গা ডি সিলভা. মালিন্দা সিরিবর্দনে।
