মতিঝিলের দিলকুশায় দুপুর ১২টায় ইসলামী ব্যাংকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন সোয়ান গার্মেন্টসের শ্রমিকরা। পাওনা পরিশোধে ব্যাংকটিকে এগিয়ে আসতে এবং শ্রমিকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে এ বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচি পালন করা হয়।
শ্রমিকরা জানান, সোয়ান গার্মেন্টসের মালিকের ইসলামী ব্যাংকে লেনদেন ছিল। তিনি এই ব্যাংকে গার্মেন্টসের সম্পত্তি বন্ধক রেখেছেন। ইসলামী ব্যাংক ইচ্ছা করলেই তাদের বেতন পরিশোধ করে দিতে পারে।
জানা গেছে, সোয়ান গার্মেন্টসে ইসলামী ব্যাংক ৪০ কোটি টাকা ঋণ দিয়েছে। এ টাকা আদায়ের জন্য নিয়ম অনুযায়ী ব্যাংকটিও পদক্ষেপ নিচ্ছে।
ব্যাংকের পক্ষ থেকে বলা হয়, শ্রমিকদের বেতন দেয়ার দায় প্রতিষ্ঠানের মালিকের। ইসলামী ব্যাংক প্রতিষ্ঠানটিতে বিনিয়োগ করেছিল। ব্যাংকিং নিয়ম অনুযায়ী সেই পাওনা আদায়ের জন্য চেষ্টা করছে।
