রাজধানীর রাজউক ভবনে টেন্ডারবাজি করতে গিয়ে র্যাবের হাতে ধরা পড়েছে ৬ জন। তাদেরকে গ্রেফতার করে মতিঝিল থানায় হস্তান্তর করেছে র্যাব। গ্রেফতারকৃতরা হলেন কাজী মাজহারুল ইসলাম গোফরান, মিজানুর রহমান মানিক, রাসেল, খায়রুল আলম তুহিন, সেলিম ও কাজী সোহেল। গ্রেফতারকৃতদের মধ্যে মাজহারুল ও মানিক যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য। রাসেল ও কাজী সোহেল ছাত্রলীগ কর্মী। রাসেল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট এ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগ থেকে সম্প্রতি মাস্টার্স সম্পন্ন করেছেন। তিনি ঐ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য। তুহিন ও সেলিম ব্যবসায়ী। গতকাল দুপুরে রাজউক ভবনে টেন্ডারবাজিকে কেন্দ্র করে দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া এবং একটি গ্রুপ আরেকটি গ্রুপের টেন্ডার শিডিউল ছিঁড়ে ফেলার সময় র্যাব তাদের আটক করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, এসময় দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া চলে। উভয় গ্রুপ আগ্নেয়াস্ত্র প্রদর্শন করেছে খবর পেয়ে র্যাব-৩ এর একটি দল রাজউক ভবনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
