নড়াইলের নড়াগাতি থানার সরসপুর গ্রামে বাল্যবিয়ের আসর থেকে মেয়ের পিতাসহ ৬ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে নড়াগাতি থানার পুলিশ মেয়ের পিতার বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করেছে। এসময় বর পালিয়ে গেছেন।
পুলিশ জানায়, জেলার নড়াগাতি থানার সরসপুর গ্রামের নাসির উদ্দিন মোল্যার মেয়ে সরসপুর মধুমতি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী নাসরিন খানমের (১২) সঙ্গে একই গ্রামের কাকা মিয়ার ছেলে রাসেল মোল্যার (২৫) বিয়ে দেয়ার জন্য উভয়ের পরিবার সিদ্ধান্ত নেয়। এজন্য বৃহস্পতিবার রাতে রাসেল মোল্যা বিয়ের জন্য বরযাত্রীসহ কনের পিতার বাড়ি যায়। এ ঘটনাটি নড়াগাতি থানার পুলিশ জানতে পেরে মেয়ের পিতার বাড়ি অভিযান চালিয়ে পিতা নাসির উদ্দিন মোল্যা, বরের ভাই কাইয়ুম মোল্যা, বরযাত্রী কাবুল মোল্যা, রাসেল মৃধা, সোহেল মোল্যা ও বাচ্চু বিশ্বাসকে গ্রেফতার করে। এসময় বর রাসেল মোল্যা দৌঁড়ে পালিয়ে যায়।
নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএ জলিল বাল্যবিয়ের আসর থেকে ৬জনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের বিরুদ্ধে বাল্য বিবাহ নিরোধ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।
