চ্যানেল আইতে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে প্রচার হবে সাত দিনের ঈদ ধারাবাহিক নাটক ‘রাগ করে রাঙামাটি’-এর শেষ পর্ব। শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের ‘ছোটকাকু’ এবার রাগ করে রাঙামাটি গেছেন।
এর আগে এই সিরিজের ‘কক্সবাজারের কাকাতুয়া’, ‘রাজশাহীর রসগোলা’, ‘লেট করে সিলেটে এবং ‘রাত-বিরাতে সাতক্ষীরাতে’ নির্মিত হয়েছে। ছোটকাকু রহস্য উদঘাটনের চেষ্টা করেছেন সেসব স্থানের ইতিহাস-ঐতিহ্যের। যার ফলে, ব্যাপক দর্শকপ্রিয়তাও পেয়েছেন। ছোটকাকু এবার রহস্য উদঘাটনে গেলেন রাঙামাটিতে।
ফরিদুর রেজা সাগরের ছোটকাকু সিরিজের ‘রাগ করে রাঙামাটি’-এ গল্প নিয়েই এবারও নির্মিত হয়েছে ৮ পর্বের ধারাবাহিক। নাট্যরূপ ও পরিচালনা করেছেন আফজাল হোসেন। অভিনয় করেছেন আফজাল হোসেন, সীমান্ত, অর্ষা, প্রবাল, বিনয়া ও সামিয়া প্রমুখ। ছোটকাকু মানে রহস্য...উত্তেজনা...উত্কণ্ঠা...বিপদ সঙ্কুল পথে পা বাড়িয়ে রহস্যের কিনারা উদঘাটন করা। ইতিহাস-ঐতিহ্যকে জানা। এমন অসংখ্য রহস্য, রোমাঞ্চের নামই ছোটকাকু।
রাগ করে রাঙামাটিতে দেখা যাবে, মাঝারি আকারের একটা কামরা। সেখানে সিংহাসনের মতো আসনে বসে আছেন এক ভদ্রলোক। ডাক্তার ত্রিভুবন দস্তিদার রাঙামাটির এই পাহাড়ের অনেক কিছুই জানেন। ৭১-সালে পাক আর্মিরা উপজাতি রাজার সম্পত্তি লুট করে এখানকার কোনো এক গুহায় রেখে গেছে। পাকিস্তানি সৈন্যরা ধনরত্ন যেখানে লুকিয়ে রেখেছিল তা একটা মূর্তির মধ্যে নকশা করে রাখে যাতে পাহাড়ী রাস্তা চিনতে ভুল না হয়। এমনই নানা রহস্য উদঘাটিত হয়েছে নাটকটিতে।
