ছাত্রলীগের সম্মেলনের আগে ছাত্রদলের সভাপতি রাজীব আহসানের নিঃশর্ত মুক্তি দাবি করেছে বিএনপি। শুক্রবার রাজধানীর নয়াপল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও দলটির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন এ দাবি জানান।
তিনি বলেন, আগামী ২৫ ও ২৬ জুলাই ছাত্রলীগের জাতীয় সম্মেলন উপলক্ষে ছাত্রদলকে আমন্ত্রণ জানানো হয়েছে। তা বাস্তবায়ন করতে সরকারের উচিৎ ছাত্রদলের সভাপতি রাজীব আহসানের নিঃশর্ত মুক্তি ব্যবস্থা করা।
রিপন বলেন, 'ছাত্রদলের সভাপতি রাজীব আহসান ছাত্রলীগের জাতীয় সম্মেলনে যেতে প্রস্তুত আছেন। তাই সরকার সম্মেলনের আগে রাজীব আহসানের মুক্তির ব্যবস্থা করতে পারেন। সরকার চাইলে সবই সম্ভব। সরকারের ইশারা ইঙ্গিতে দেশের সকল প্রতিষ্ঠান পরিচালিত হয়।'
তিনি আরো বলেন, ছাত্রদলের সভাপতি রাজীবকে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে তা লজ্জাজনক, চরিত্র হননের জন্যই এই মামলা।
আসাদুজ্জামান রিপনের অভিযোগ, দেশে দুই ধরনের আইন চলছে, বিরোধীদলের জন্য এক আর সরকার দলীয়দের জন্য অন্য আইন। বিরোধী দল দমনে সরকার মরিয়া হয়ে উঠেছে। মামলা হামলা দিয়ে নেতাকর্মীদেরকে হয়রানি করা হচ্ছে।
