ফিলিপাইনে নাইট ক্লাবে বোমা, নিহত ১

আপডেট : ২৪ জুলাই ২০১৫, ১৭:৪০
 
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের একটি নাইট ক্লাবে এক শক্তিশালী বোমা বিস্ফোরণে ১ জন নিহত ও আরো ৯ জন আহত হয়েছে। শুক্রবার পুলিশ একথা জানিয়েছে।
 
পুলিশের মুখপাত্র আলেক্সান্ডার মাবালট জানান, বৃহস্পতিবার রাতে জাম্বোয়াঙ্গা শহরে বিস্ফোরণে ধাক্কায় দোতলা নাইট ক্লাবটির ছাদ ফুটো হয়ে গেছে। পানশালার টুলগুলো বিস্ফোরণের ধাক্কায় উড়ে গিয়ে রাস্তায় পড়েছে।
 
মাবালট বার্তা সংস্থা এএফপিকে বলেন, এই বিস্ফোরণে ক্লাবের ক্যাশিয়ার মারা গেছেন। এছাড়াও এই ঘটনায় পানশালার ছয় নারী কর্মী ও তিন পুরুষ খদ্দের আহত হয়েছে। তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
 
শুক্রবার তদন্ত কর্মকর্তারা বোমার টুকরোর সন্ধানে ধ্বংসস্তূপের ভেতর তল্লাশি চালিয়েছেন। তিনি আরো জানান, কোন চরমপন্থি গোষ্ঠী বা সংগঠন এই হামলার জন্য দায়ী কিনা তাত্ক্ষণিকভাবে তা জানা যায়নি। সূত্র: এএফপি