রাজউকে টেন্ডারবাজি: রিমান্ডে ৬, যুবলীগ নেতা বহিষ্কার

আপডেট : ২৪ জুলাই ২০১৫, ২২:১৫
 
রাজধানীর রাজউক ভবন থেকে টেন্ডারবাজির সময় র্যাবের হাতে গ্রেফতার হওয়া যুবলীগের নেতাসহ ৬ জনকে এক দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। অন্য দিকে, টেন্ডারবাজিতে সংশ্লিষ্টতার অভিযোগে যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণ শাখার মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক গাজী মাজহারুল ইসলাম ওরফে গোফরান গাজীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার যুবলীগ কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক কাজী আনিসুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।
 
বৃহস্পতিবার দুপুরে পূর্বাঞ্চল উপশহর প্রকল্পের আন্তঃসড়ক নির্মাণের ১৫০ কোটি টাকার টেন্ডারবাজিতে র্যাব অভিযান চালিয়ে গাজী মাজহারুল ইসলাম গোফরান, মিজানুর রহমান মানিক, সেলিম , খায়রুল আলম তুহিন, রাসেল ও কাজী সোহেলকে রাজউক ভবনের তৃতীয় তলা থেকে গ্রেফতার করে মতিঝিল থানায় সোপর্দ করে।
 
র্যাবের একটি সূত্র জানায়, রাজউক ভবনে খালেদ নামে এক ব্যক্তির নেতৃত্বে ওই সময় টেন্ডারবাজির ঘটনা ঘটে। র্যাবের অভিযান চালানোর সময় ওই ব্যক্তি পালিয়ে যায়। এই ঘটনায় র্যাব-৩ এর এসআই খালেকুজ্জামান বাদী হয়ে মতিঝিল থানায় দরপত্র ছিনিয়ে নেয়া এবং ছিনতাইয়ের অভিযোগে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন।
 
মামলার তদন্ত কর্মকর্তা মতিঝিল থানার এসআই মহসীন খান শুক্রবার আসামিদের আদালতে হাজির করে তিন দিনের রিমান্ড আবেদন জানালে মহানগর হাকিম মো. মাহবুবুর রহমান এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।