দেশে ডাকাতি ও ব্যাপকহারে নারীদের সম্ভ্রমহানি হচ্ছে: বিএনপি

আপডেট : ২৫ জুলাই ২০১৫, ০০:১১

বিএনপি অভিযোগ করেছে যে, দেশে পঁচাত্তরের আগের সময়ের মতো ডাকাতির ও ধর্ষণের ঘটনা ঘটছে। ১৯৭৫ সালের আগে দেশে ব্যাপকহারে ডাকাতি হতো। এখন কেবল ডাকাতি নয়, ডাকাতির সঙ্গে ব্যাপকহারে নারীদের সম্ভ্রমহানি ঘটানো হচ্ছে, যা খুবই উদ্বেগজনক। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন এসব অভিযোগ করেন।

 
ড. রিপন বলেন, দেশের মহাসড়কগুলোর বেহালদশার কারণেই প্রতিদিন দুর্ঘটনায় বহু প্রাণহানির ঘটনা ঘটছে। প্রাণহানি রুখতে সরকার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। সরকার জনগণের জানমালের  দিকে খেয়াল করছে না। তাদের  খেয়াল কি করে বিরোধী দলের নেতাকর্মীদের মামলা-হামলা দিয়ে হয়রানি করা যায়।
 
ছাত্রদল সভাপতির মুক্তির দাবি জানিয়ে ড. রিপন বলেন,  ছাত্রলীগের সম্মেলনে ছাত্রদল নেতাদের আমন্ত্রণ জানানো একটি শুভ লক্ষণ। এই সঙ্গে দাবি করছি- ছাত্রদল সভাপতিকে অবিলম্বে মুক্তি দিয়ে সে যাতে ছাত্রলীগের কাউন্সিলে যেতে পারে সরকার দ্রুত সে ব্যবস্থা নেবে। তিনি জামিন পেলে ছাত্রলীগের সম্মেলনে অবশ্যই যাবেন ছাত্রদলের প্রতিনিধিত্ব করার জন্য।
 

সংবাদ সম্মেলনে বিএনপি শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, নাজিম উদ্দিন আলম, এবিএম মোশাররফ হোসেন, আবদুস সালাম আজাদ, আসাদুল করিম শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন।