জেলার মোহনপুর উপজেলার মর্গার বিলে নৌকাডুবিতে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার ওই বিলের পশ্চিমবিলা এলাকায় এ ঘটনা ঘটে।
মৃতরা হলো, উপজেলার গোপইল গ্রামের মৃত নায়েব সর্দারের ছেলে মমিনুল ইসলাম (০৯) ও স্থানীয় আনারুল ইসলামের মেয়ে খাদিজা খাতুন (১০)। তারা স্থানীয় গোপইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ছাত্র ছিল ।
জানা গেছে, সকালে নবিউল ও নাসিমা নামে দুই শিশুর সঙ্গে মমিনুল ও খাদিজা তাল গাছের তৈরি একটি নৌকায় করে ওই বিলে শাপলা তুলতে যায়। হঠাৎ নৌকাটি ডুবতে শুরু করলে নবিউল ও নাসিমা সাঁতার কেটে বিলের তীরে পৌঁছে যায়। কিন্তু মমিনুল ও খাদিজা পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করে।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
