কক্সবাজারকে ডিজিটাল সিটি হিসেবে গড়ে তুলে পর্যটনকে আরও আকর্ষণীয় করতে মোবাইল ফোন অপারেটর এয়ারটেল এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিএস) মধ্যে একটি সমঝোতা চুক্তি সই হয়েছে।
বৃহস্পতিবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের দপ্তরে ওই সমঝোতা চুক্তি সই হয়।
চুক্তি সই অনুষ্ঠানে জুনাইদ আহমেদ বলেন, পর্যটন নগরী কক্সবাজারে সার্ফিংয়ের বিশাল সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে কক্সবাজারকে একটি আধুনিক ডিজিটাল নগরী হিসেবে গড়ে তুলতে পারলে এর পর্যটন সম্ভাবনা আরও বেগবান হবে। তৈরি হবে কর্মসংস্থান, বাড়বে অর্থনৈতিক কর্মকাণ্ড।
সমঝোতা চুক্তির আওতায় কক্সবাজার বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই সংযোগ প্রদান, কক্সবাজার জুড়ে ওয়াই-ফাই হটস্পট স্থাপন, সার্ফিং ইনস্টিটিউট স্থাপন, সৈকতের সৌন্দর্য বর্ধন, রাস্তার দু’পাশের সৌন্দর্য বর্ধন, আইসিটি ক্লাব স্থাপন এবং টেলিভিশন, রেডিও, পত্রিকা, সামাজিক যোগাযোগ মাধ্যম ও ওয়েবসাইটের মাধ্যমে কক্সবাজারকে ব্র্যান্ডিং করা হবে।
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলাম ও এয়ারটেল বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা পি ডি শর্মা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা চুক্তিতে সই করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার, অতিরিক্ত সচিব হারুনুর রশিদ, সুশান্ত কুমার সাহা, এয়ারটেল বাংলাদেশের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার আশরাফুল হক চৌধুরী, চিফ টেকনিক্যাল অফিসার সন্দীপন চক্রবর্তী, চিফ সার্ভিস অফিসার রুবাবাদৌলাসহ অনেকে।
