যারা বাংলাদেশের উন্নয়ন দেখে না তারা অন্ধ: খাদ্যমন্ত্রী

আপডেট : ২৫ জুলাই ২০১৫, ২০:৩৮

খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং আরো বহুদুর এগিয়ে যাবে। যারা বাংলাদেশের উন্নয়ন দেখে না তারা অন্ধ।

শনিবার বিকেলে কেরাণীগঞ্জ উপজেলা পরিষদ মাঠে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ৪ দিন ব্যাপী বৃক্ষ মেলার উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো.জামিলুর রহমান, পরিবেশ ও বন কর্মকর্তা মো. মোশারফ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইসমাইল হোসেন, শিক্ষা কর্মকর্তা মাজেদা সুলতানা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফিরোজা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা আক্তার প্রমুখ।

অ্যাডভোকেট কামরুল ইসলাম আরো বলেন, ইতোমধ্যেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে এবং ডিজিটাল বাংলাদেশের সুফলও এখন দেশবাসী গ্রহণ করছেন। এ সবই সম্ভব হয়েছে জননেত্রী শেখ হাসিনার দুরদর্শিতার কারণে।

তিনি বলেন, আমরা সমুদ্র বিজয় করেছি। ছিটমহল বিজয় হয়েছে। ভারতের নোবেল বিজয়ী অর্থনীতিবিদ বাংলাদেশের অর্থনীতির প্রসংশা করেছেন। এখন বাংলাদেশ কি ভাবে ধনাঢ্য দেশ হবে সে স্বপ্নও আমরা দেখছি। অথচ একটি মহল দেশে-বিদেশে বাংলাদেশের অপপ্রচার করছে।

তিনি বলেন, যারা বাংলাদেশের উন্নয়ন দেখেনা তারা অন্ধ। অতীতে বাংলাদেশের বনজ সম্পদ ধ্বংস করা হয়েছে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের দেশের বনায়নকে আরো বাড়িয়ে তুলতে হবে। সে জন্য পরিবেশ রক্ষায় আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে। আমাদের বুড়িগঙ্গা নদীকে দখলবাজদের হাত থেকে উদ্ধার করে মৃতপ্রায় নদীটিকে কিভাবে আগের বুড়িগঙ্গায় রূপ দেয়া যায় সেজন্য চেষ্টা করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরাণীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষ্ণ চন্দ্র হোড়।