জেলার টেকনাফ উপজেলায় তিনদিন ধরে টানা বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসে প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল জলাবদ্ধ হয়ে প্রায় লক্ষাধিক মানুষ দুর্ভোগ পোহাচ্ছে।
আবহাওয়া দপ্তর ও উপজেলা নিবার্হী কর্মকর্তাও টানা বৃষ্টিতে পাহাড় ধসের আশঙ্কা করছেন। ইতিমধ্যে উপজেলা নিবার্হী কর্মকর্তা ইউএনও শাহ মোজাহিদ উদ্দিনের নির্দেশে শনিবার বিকালে উপজেলার ফকিরামোরা এলাকার পাহাড়ের অতি ঝুঁকিপূর্ণ বসতিতে থাকা ১৬টি পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছে।
ইউএনও শাহ মোজাহিদ উদ্দিন বলেন, ‘উপজেলা পরিষদ সংলগ্ন ফকিরামুরা, গিলাতলী, বৈদ্যেরঘোনা, নাজিরঘোনা, শিয়াইল্যারঘোনা, পল্লানপাড়া, নাইট্যংপাড়া, কেরুনতলী, বরুইতলী, জাহালিয়াপাড়া, রোজারঘোনা, রঙ্গিখালী, উলুচামারী, লেচুয়াপ্রাং, পানখালী, সিকদারপাড়া, রোজারঘোনা, মিনাবাজার, রক্ষ্যইম, আমতলীসহ উপজেলার বিভিন্ন এলাকায় পাহাড়ের পাদদেশে গড়ে ওঠা ঝুঁকিপূর্ণ বসতি থেকে বাসিন্দাদের সরে যেতে মাইকিং করা হয়েছে। যারা সরে যাবেনা তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
