ব্রাজিল থেকে আমদানি করা গম কেউ ফেরৎ দিতে চাইলে খাদ্য অধিদফতরকে তা ফেরৎ নিতে হবে। হাইকোর্টের এই সংক্রান্ত আদেশের ওপর দেয়া স্থগিতাদেশের মেয়াদ আরও দুই সপ্তাহ বাড়িয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
প্রধানবিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধিন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ আজ রবিবার এই আদেশ দেন। একই সঙ্গে অবশিষ্ট বিশ হাজার টন গম বিতরণ না করার নির্দেশ দিয়েছে আদালত।
চলতি মাসের প্রথম সপ্তাহে হাইকের্টের একটি ডিভিশন বেঞ্চ এই রিট আবেদনের শুনানি শেষে এই গম নিতে কাউকে বাধ্য করা যাবে না বলে আদেশ দেন। একই সঙ্গে কেউ ফেরৎ নিতে চাইলে তা ফেরৎ নিতে বলা হয়। হাইকোর্টের এই আদেশ স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। এই আবেদন শুনানি নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করে দেয় আপিল বিভাগের চেম্বার আদালত। এই স্থগিতাদেশের মেয়াদ আরও দুই সপ্তাহ বৃদ্ধি করল প্রধান বিচারপতির নেতৃত্বাধিন বেঞ্চ।
