রাজধানীতে পিরানহা-জেলিভরা চিংড়ি ধ্বংস করলো র‌্যাব

আপডেট : ২৬ জুলাই ২০১৫, ১২:৫৫
রাজধানীর কাওরান বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ রাক্ষুসে পিরানহা মাছ এবং জেলিপুশ করা চিংড়ি ধ্বংস করেছে র‌্যাব। এই ঘটনায় ৫ মাছ ব্যবসায়ীকে জরিমানা এবং কারাদণ্ড দেয়া হয়েছে। 
 
র‌্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
 
রবিবার কাওরান বাজারের বিভিন্ন মাছের আড়তে এই অভিযান চালায় র‌্যাব-২।
 
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত কয়েক বছর ধরে কিছু অসাধু ব্যবসায়ী গোপনে দেশের বিভিন্ন অঞ্চলে পিরানহা মাছটির চাষ ও বাজারজাত করে আসছে। মূলত তারা এ মাছটিকে রূপচাদা মাছ হিসেবে চালানোর চেষ্টা করছে।  হোয়াইট গোল্ড বা সাদা সোনা নামে খ্যাত চিংড়ি বাংলাদেশের অন্যতম বৃহৎ রফতানিকৃত কৃষিপণ্য। কিছু অসাধু ব্যবসায়ী অতি মুনাফা লাভের আশায় চিংড়ির ওজন বাড়াতে তার ভেতর জেলি, সাগু, পানি, পাউডার, সাদা লোহা পুশ করছে। 
 
সে জন্য অসাধু মাছ ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে র‌্যাব-২ এর একটি বিশেষ টিম এই অভিযান চালায়।
 
অভিযানটি পরিচালনা করেন র‌্যাব-২ এর উপ-পরিচালক ড. দিদারুল আলম।