গাজীপুরে সহকর্মী হত্যার দায়ে একজনের ফাঁসি

আপডেট : ২৬ জুলাই ২০১৫, ১৬:১৯
 
গাজীপুরে সহকর্মী মোঃ মাসুদ মিয়া (১৬)-কে হত্যার দায়ে একজনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। রবিবার সকালে গাজীপুরের জেলা ও দায়রা জজ একেএম এনামুল হক এই রায়  ঘোষণা করেন।
 
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মোঃ আব্দুল হালিম (২৬) বগুড়া জেলার সোনাতলা থানার মোনার পটল গ্রামের মোঃ মাসুদ মন্ডলের ছেলে। হালিম ও মাসুদ হানিফ স্পিনিং মিলে কাজ করতো।
 
মামলার সংক্ষিপ্ত বিবরণে প্রকাশ, রংপুরের পীরগাছা উপজেলার জয়সেন গ্রামের রিকশা চালক শাহআলম তার পরিবার নিয়ে জেলার কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের ডুলিপাড়া এলাকায় জনৈক রশিদের বাড়িতে ভাড়া থাকতেন। শাহআলমের ছেলে মোঃ মাসুদ মিয়া স্থানীয় হানিফ স্পিনিং মিলে চাকরি করতো।
 
২০১১ সালের ১৬ মার্চ ঐ মিলের গ্রাউন্ড এয়ার রিটার্ন ডাস্টের ভিতর থেকে গলায় রশি পেঁচানো এবং জবাই করা অবস্থায় মাসুদের লাশ উদ্ধার করে পুলিশ। ঐদিনই নিহতের পিতা শাহ আলম বাদি হয়ে কালিয়াকৈর থানায় অজ্ঞাত আসামির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
 
মামলার তদন্তকারী কর্মকর্তা মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ সাইফুল আলম ঐ মামলায় সন্দেহভাজন আসামি মাসুদ মিয়ার সহকর্মী আব্দুল হালিমকে গ্রেফতার  করেন। পরে জিজ্ঞাসাবাদে হালিম হত্যার কথা স্বীকার করে। তদন্ত শেষে পুলিশ ঐ বছরের ১৪ মে আদালতে চার্জশিট দাখিল করে। শুনানি শেষে আজ এই আদেশ দেয়া হয়।
 
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট হারিছ উদ্দিন আহমদ।