সাপের সঙ্গে সেলফি তোলার খেসারত

আপডেট : ২৬ জুলাই ২০১৫, ১৬:৩৬
 
সাপের সঙ্গে সেলফি তুলতে গিয়ে দেড় লাখ ডলারের খেসারত গুনতে হচ্ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের সান ডিয়াগো শহরের এক ব্যক্তিকে। রবিবার এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 
 
প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসের শুরুর দিকে র‌্যাটল সাপের সঙ্গে সেলফি তুলতে চেয়েছিলেন ফসলার নামের ঐ ব্যক্তি। ঝোপের ভেতর থেকে সাপটিকে টেনে বের করে সেলফি তোলার জন্য সেটির সঙ্গে পোজ দিচ্ছিলেন তিনি। এসময় বিরক্ত হয়ে সাপটি ফসলারের বাহুতে কামড়ে দেয়। আর এখন চিকিত্সার জন্য তাকে হাসপাতালের এক লাখ ৫৩ হাজার ১৬১ ডলার গুনতে হচ্ছে।
 
ফসলার বলেন, কামড় খাওয়ার পর আমার সারা শরীর কাঁপছিল। আমার পুরো শরীর অবশ হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল আমার জিহ্বা আমার মুখ থেকে বেরিয়ে আসছিল, চোখগুলো যেন সঙ্গে থাকছিল না।
 
ফসলারের নিজের একটি পোষা র‌্যাটল সাপ ছিল। কিন্তু আক্রমণের শিকার হওয়ার পর সেটিকে তিনি জঙ্গলে ছেড়ে দেন। সূত্র: এনডিটিভি।