বিদায়ী ২০১৪-১৫ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন হার আগের অর্থবছরের তুলনায় কমেছে।
২০১৩-১৪ অর্থবছরে সংশোধিত এডিপি ৯৩ শতাংশ বাস্তবায়ন হলেও বিদায়ী ২০১৪-১৫ অর্থবছরে বাস্তবায়ন হয়েছে ৯১ শতাংশ। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এর আগে জুলাই থেকে মে পর্যন্ত ১১ মাসে সংশোধিত এডিপি বাস্তবায়ন হয়েছিল ৬৭ ভাগ। সে হিসাবে শুধু জুন মাসে খরচ দেখানো হয়েছে এডিপির ২৪ ভাগ অর্থ।
গেলো অর্থবছরের শুরুতে ৮৬ হাজার কোটি টাকার এডিপি অনুমোদন দেয়া হলেও পরে তা ৭৫ হাজার কোটি টাকায় নামিয়ে আনা হয়। সংশোধন করেও এডিপি বাস্তবায়ন হার আগের বছরের তুলনায় কম হয়েছে। মোট ব্যয় হয়েছে ৭১ হাজার ৭৯ কোটি টাকা (বরাদ্দের ৯১%)। এর মধ্যে সরকারের নিজম্ব অর্থায়ন রয়েছে ৪৯ হাজার ৯৬২ কোটি টাকা (৯২%), প্রকল্প সাহায্য ২২ হাজার ৫৬৯ কোটি টাকা (৯১%) এবং সংস্থার নিজম্ব অর্থায়ন রয়েছে ২ হাজার ৫৪৮ কোটি টাকা (৯০%)।
বরাদ্দের শীর্ষে থাকা ১০ মন্ত্রণালয় ও বিভাগের অর্থব্যয়ের চিত্রে দেখা যায়, বিদ্যুত্ বিভাগ, সড়ক ও পরিবহন ও মহাসড়ক বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় তাদের শতভাগ বরাদ্দ ব্যয় করতে পেরেছে। অন্য দিকে, রেলপথ মন্ত্রণালয় ৯৯ শতাংশ, শিক্ষা মন্ত্রণালয় ৯৮ শতাংশ, স্থানীয় সরকার বিভাগ ৯৬ শতাংশ, সেতু বিভাগ ৮৯ শতাংশ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ৮৫ শতাংশ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ৯৭ শতাংশ, জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগ ব্যয় করেছে বরাদ্দের ৮৭ শতাংশ অর্থ।
অন্য দিকে, বাস্তবায়নে পিছিয়ে রয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় (৬৪%), ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (৬৩%), অর্থবিভাগ(৬০%), অভ্যন্তরীণ সম্পদ বিভাগ(৫৪%), পররাষ্ট্র মন্ত্রণালয় (৩৬%)।
আরএডিপিতে মোট প্রকল্পের সংখ্যা ছিল ১২০৪টি। এর মধ্যে বিনিয়োগ প্রকল্প ১০১৪টি, কারিগরি প্রকল্প ১৬৯টি এবং জেডিসিএফ অর্থায়িত প্রকল্প ছিলো ২১টি।
