পুঁজিবাজারে দর সংশোধন

আপডেট : ২৬ জুলাই ২০১৫, ২১:২৫
 
পুঁজিবাজারে টানা ৯ কর্মদিবস সূচক বৃদ্ধির পর রবিবার কিছুটা দর সংশোধন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এই নয় দিনে সার্বিক মূল্যসূচক বেড়েছে ২৮২ পয়েন্ট। তাই টানাদর বৃদ্ধির পর বাজারের স্বাভাবিক নিয়মেই দর পতন হয়েছে। কারণ, এ সময়ে অনেক কোম্পানির শেয়ারে বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। বিনিয়োগকারীরা সে সুযোগ গ্রহণ করেছেন। এদিকে সূচক কমার পাশাপাশি লেনদেনও কমেছে। তবে এখনও ডিএসইর লেনদেন সাড়ে সাত শ কোটি টাকার ওপরেই রয়েছে।
 
তথ্যে দেখা গেছে, ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ২১ কমে ৪ হাজার ৭৮৬ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ মূল্যসূচক ১১ কমে ১ হাজার ৮৭৬ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৭৫৪ কোটি ৮৯ লাখ টাকা, যা আগের কর্মদিবসের চেয়ে ৫৯ কোটি ৪ লাখ টাকা কম। লেনদেনকৃত ৩১৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৩টির, কমেছে ১৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টি কোম্পানির শেয়ারের। 
 
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ৫৬ কমে ১৪ হাজার ৬৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৫৩ কোটি ৭১ লাখ টাকা, যা আগের কর্মদিবসের চেয়ে ১ কোটি টাকা বেশি। লেনদেনকৃত ২৪৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮৭টির, কমেছে ১২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানির শেয়ারের।