ইরাকের উত্তরে আবারও তুরস্কের বিমান হামলা

আপডেট : ২৭ জুলাই ২০১৫, ০৮:৩৭
ইরাকের উত্তরে কুর্দি বিচ্ছিন্নতাবাদী সংগঠন পিকেকে এর ঘাটি লক্ষ করে দ্বিতীয় পর্যায়ে বিমান হামলা চালিয়েছে তুরস্কের বিমানবাহিনী। তুরস্কের নিরাপত্তা বাহিনী এই তথ্য জানিয়েছে বলে বিবিসি জানায়। 
 
ইউরোপীয় ইউনিয়ন ও নেটো এ হামলাকে সমর্থন জানিয়েছে। তবে, তুরস্ককে সংখ্যালঘু কুর্দিদের সাথে শান্তি আলোচনা চালিয়ে যাবার আহ্বান জানিয়েছে নেটো।
 
শুক্রবার ইরাকের যেসব স্থাপনায় হামলা চালিয়েছিল তুরস্ক, ওই একই এলাকায় পিকেকে’র ঘাটি লক্ষ্য করে দ্বিতীয় পর্যায়ের এই হামলা চালায় তুরস্ক।
 
ওইদিন পিকেকে এবং সিরিয়ায় ইসলামিক স্টেটের অবস্থানগুলোর ওপর একাধিক বিমান হামলা চালিয়েছিল তুরস্ক।
 
এদিকে, বর্তমান প্রেক্ষাপটে আঙ্কারার অনুরোধে মঙ্গলবার এক জরুরি বৈঠক আহ্বান করেছে নেটো।
 
নেটো মহাসচিব জেনস স্টোলটেন বার্গ বলেছেন, বৈঠকটি তুরস্কের অনুরোধে ডাকা হয়েছে এবং নেটো চুক্তির ধারা অনুযায়ী, কোন সদস্য রাষ্ট্র তার ভৌগলিক সার্বভৌমত্ব হুমকির মুখে পড়লে এমন অনুরোধ করতে পারেন।
 
পিকেকে’র একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, তুর্কি বোমারু বিমান সেখানকার ইরবিল ও দোহুকের উত্তরে হামলা চালায়।