মাদারীপুরের কালকিনিতে জাকিয়া বেগম (৪০) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার গভীর রাতে এ হামলার শিকার হন তিনি।
নিহত জাকিয়া বেগম কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের চরলক্ষ্মীপুর গ্রামের আবু তাহের আলীর স্ত্রী।
পুলিশ সূত্রে জানা গেছে, আবু তাহের আলী ও তার স্ত্রী জাকিয়া বেগম রাত দেড়টার দিকে টয়লেটে যাবার জন্য ঘর থেকে বের হন। এ সময় দুর্বৃত্তরা আবু তাহের আলীকে হত্যার উদ্দেশে হামলা চালালে তিনি দৌড়ে ঘরে ঢুকে যান। এ সময় দুর্বৃত্তরা তার স্ত্রী জাকিয়া বেগমকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় পুলিশ নিহত গৃহবধূর স্বামী আবু তাহের আলীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
