ভারতের বিপক্ষে টেস্ট খেলে অবসরে যেতে চান মিসবাহ

আপডেট : ২৭ জুলাই ২০১৫, ১৫:০৩
 
চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলে অবসর নেয়ার ইচ্ছা প্রকাশ করেছেন পাকিস্তানের টেস্ট দলের অধিনায়ক মিসবাহ উল হক। পিটিআইকে দেয়া এক সাক্ষাত্কারে এ ইচ্ছার কথা জানান ৪১ বছর বয়সী এই ক্রিকেটার।
 
ইতিমধ্যে ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মিসবাহ।
 

এ বছরের শেষের দিকে পূর্ণাঙ্গ সিরিজ খেলার প্রসঙ্গে আলোচনা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। যদিও দুই বোর্ডের মধ্যে কোনো আনুষ্ঠানিক চুক্তি এখনও হয়নি, তবুও সিরিজটি নিয়ে আশাবাদী মিসবাহ। তিনি বলেন, ‘ভারতের বিপক্ষে যদি সিরিজ নিশ্চিত হয়, আমি তাতে খেলতে চাই এবং সম্ভবত সেই সিরিজিই হবে আমার আন্তর্জাতিক ক্রিকেটের শেষ সিরিজ।’