ওবামার ইথিওপিয়া সফর শুরু

আপডেট : ২৭ জুলাই ২০১৫, ১৫:৪৭

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সোমবার আনুষ্ঠানিকভাবে তার দুই দিনের ইথিওপিয়া সফর শুরু করেছেন। আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম জনবহুল দেশ ও আফ্রিকান ইউনিয়নের পীঠস্থান ইথিওপিয়ায় এটাই মার্কিন কোন প্রেসিডেন্টের প্রথম সফর।

কেনিয়ায় সফরের পর ওবামা রবিবার আদ্দিস আবাবার উদ্দেশে যাত্রা করেন। তিনি ইথিওপিয়া সরকারের সঙ্গে আলোচনা করবেন। এছাড়া দক্ষিণ সুদানের গৃহযুদ্ধ নিয়ে আঞ্চলিক নেতাদের সঙ্গেও আলোনা করবেন তিনি।

যুদ্ধবিধ্বস্ত দেশ দ. সুদানের নেতারা আগস্টের মাঝামাঝিতে হত্যাকান্ড বন্ধের আল্টিমেটাম প্রত্যাখান করলে তাদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে আফ্রিকার সমর্থন পাওয়ার লক্ষ্যে তিনি এ আলোচনা করবেন।

মঙ্গলবার ওবামা প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে আফ্রিকান ইউনিয়নে ভাষণ দেবেন। রোববার কেনিয়ার রাজধানী নাইরোবি থেকে সংক্ষিপ্ত ফ্লাইট শেষে ওবামাকে বহনকারী বিমান এয়ার ফোর্স ওয়ান আদ্দিস আবাবার আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। ইথিওপিয়ার প্রধানমন্ত্রী হেইলেমারিয়াম দেসালেন বিমান বন্দরের টারমাকে ওবামাকে শুভেচ্ছা জানান।

আফ্রিকান ইউনিয়ন (এইউ) কমিশন প্রধান নকোসাজানা দামিনি-জুমা মার্কিন প্রেসিডেন্টের সফরকে ‘ঐতিহাসিক’ উল্লেখ করে এর প্রশংসা করেন এবং বলেন, এ সফর যুক্তরাষ্ট্র ও এইউ’র মধ্যে সম্পর্ক আরো গভীর ও বিস্তৃত করার একটি যথাযথ পদক্ষেপ।

বিশ্বের নবীনতম দেশ দ. সুদানের ১৯ মাসের গৃহযুদ্ধ বন্ধে একটি সম্মিলিত ফ্রন্ট গড়ে তুলতে ওবামা সোমবার ইথিওপিয়া, কেনিয়া ও উগান্ডার নেতাদের পাশাপাশি সুদানের পররাষ্ট্র মন্ত্রী ইবরাহীম গান্দারের সঙ্গে বৈঠক করবেন।

-বাসস