কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে কর্মস্থলে অনুপস্থিত থাকায় জেলার সরাইল উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সাতজন চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।
রবিবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচও) ডা. হাসিনা আখতার বেগম স্বাক্ষরিত নোটিসে এ কারণ দর্শাতে বলা হয়েছে। নোটিসে আগামী পাঁচ কর্ম দিবসের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।
শোকজপ্রাপ্ত চিকিৎসকরা হলেন, ডেন্টাল সার্জন ডা. নাজিফা আলম, মেডিকেল অফিসার ডা. মোবাশ্বের সামিয়া হক, ডা. রেজাউল করিম মজুমদার, ডা. সৈয়দ তাছরিন আহমেদ, ডা. সৈয়দা আমেনা খায়ের লোপা, ডা. এইচ এম মশিউর রহমান ও ডা. মহিউদ্দিন হাসান।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, শনিবার ১০ জন চিকিৎসক অনুপস্থিত থাকলেও রবিবার বিকেলে শোকজ করা হয়েছে সাতজনকে। তবে ওইদিন আবাসিক চিকিৎসক ডা. নোমান মিয়া, ডা. রফিক আহমেদ (অর্থো) ও মেডিক্যাল অফিসার ডা. নাছির উদ্দিনও অনুপস্থিত ছিলেন।
ইউএইচও ডা. হাসিনা আখতার বেগম বলেন, ‘অনুপস্থিতির কারনে সাতজনকে কারণ দর্শাতে বলেছি। পাঁচদিনের মধ্যে তাদেরকে লিখিত জবাব দিতে হবে।’
জেলা সিভিল সার্জন (সিএস) ডা. হাসিনা আক্তার বলেন, ‘তাদের লিখিত জবাব পাওয়ার পর বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’
