শেরপুর উপজেলা চেয়ারম্যানসহ জামায়াতের ৪ নেতা কারাগারে

আপডেট : ২৭ জুলাই ২০১৫, ১৮:৩৫

বগুড়ার শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সেক্রেটারি আলহাজ্ব দবিবুর রহমানসহ জামায়াতের চার নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার বেলা ১২ টার দিকে নাশকতার একটি মামলায় আদালতে আত্মসমর্পন করে জামিন চাইলে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪ এর বিচারক আব্দুল­াহ আল মামুন জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
 
কারাগারে প্রেরিত অন্যরা হচ্ছেন- শেরপুর উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারি মাওলানা নাজমুল হক, জামায়াত নেতা খোরশেদ আলম এবং রেজাউল করিম।

আদালত সূত্র জানায়, ২০১৩ সালের ১৮ সেপ্টেম্বর সরকারবিরোধী আন্দোলনের সময় শেরপুর উপজেলার দশ মাইল নামকস্থানে রাতের আঁধারে ট্রাকে ভাংচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় শেরপুর উপজেলা চেয়ারম্যানসহ জামায়াত-শিবিরের বেশকিছু নেতাকর্মীর নামে মামলা হয়। পরবর্তীতে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সেক্রেটারি আলহাজ্ব দবিবুর রহমানসহ জামায়াত-শিবিরের নেতাকর্মীরা ওই মামলায় উচ্চ আদালত (হাইকোর্ট) থেকে অন্তঃবর্তীকালীন জামিন নেন। সোমবার বেলা ১২ টার দিকে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী দবিবুর রহমান, মাওলানা নাজমুল হক, জামায়াত কর্মী খোরশেদ আলম ও রেজাউল করিম নিম্ন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।