১৯৯৩ সালে মুম্বাই সিরিজ হামলার ঘটনায় অভিযুক্ত ইয়াকুব মেমনের ফাঁসি কার্যকর না করতে যে আর্জি দায়ের করা হয়েছিল সেটি আমলে নিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট।
মুম্বাই হামলার একমাত্র মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই আসামী আদালতে আবেদনে জানায়, ফাঁসি এড়ানোর জন্য এখনো আইনানুগ পথ রয়েছে তার। আগামী ৩০ জুলাই তার ফাঁসি কার্যকর করা হতে পারে এমন খবর রয়েছে ভারতের সংবাদ মাধ্যমগুলোতে।
এদিকে বলিউড সুপারস্টার সালমান খানের বিতর্কিত টুইটের পর ভারতের গুরুত্বপূর্ণ রাজনীতিক, বিচারক এবং অবসরপ্রাপ্ত বিচারক ইয়াকুবকে ফাঁসির বিষয়টি পুনর্বিবেচনা এবং বিশেষ ক্ষমা প্রদান করার জন্য প্রেসিডেন্ট প্রণব মুখার্জীর নিকট আবেদন জানিয়েছেন। সালমান খান তার টুইটে ইয়াকুবকে ক্ষমা করে দেয়ার আহ্বান জানিয়েছিলেন।
আবেদনকারীদের মধ্যে সিপিএম প্রধান সিতারাম ইয়েচুরি, কংগ্রেস নেতা মানিক শংকর আইয়ার, বিজেপি’র শত্রুঘ্ন সিনহা, জ্যেষ্ঠ আইনজীবী প্রশান্ত ভূষণ, অভিনেতা নাসিরুদ্দিন শাহ এবং চলচ্চিত্র নির্মাতা মহেশ ভাট রয়েছেন। তারা আবেদনে উল্লেখ করেন, এ ঘটনার সাথে জড়িত অন্য ১০ জনের চেয়ে ইয়াকুবের ভূমিকা একটু হলেও গৌণ ছিল। এছাড়া বর্তমানে তিনি সিজোফ্রেনিয়া রোগে ভুগছেন। তাই তার ফাঁসি হতে পারে না। এছাড়াও তারা ইয়াকুবের মৃত্যুদণ্ড না দেয়ার মাধ্যমে ক্ষমার দৃষ্টান্ত স্থাপন করার আহ্বান জানান।
১৯৯৩ সালে মুম্বাইয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনার পরিকল্পনাকারী হিসেবে ইয়াকুবকে দোষীসাব্যস্ত করা হয়। এ ঘটনায় ২৫৭ জন নিহত হয়েছিল। গত বছর ইয়াকুবের পক্ষ থেকে ক্ষমার আবেদন করা হলেও তা নাকচ করে দিয়েছিলেন প্রেসিডেন্ট।
