সবুজবাগে নারী পোশাক শ্রমিকের লাশ উদ্ধার

আপডেট : ২৭ জুলাই ২০১৫, ১৯:৪৫

রাজধানীর সবুজবাগ এলাকার একটি বাড়ি থেকে রেহানা বেগম (২৫) নামে এক পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে সবুজবাগের দক্ষিণগাঁও এলাকার ৩ নম্বর রোডের হাজী আলাউদ্দিনের বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

সবুজবাগ থানার এসআই কামাল উদ্দিন জানান, নিহত রেহানা তার স্বামী মোহাম্মদ আলীর সঙ্গে ঐ বাসায় ভাড়া থাকতেন। নিহতের গ্রামের বাড়ি নরসিংদীতে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঐ পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করে। তিনি গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলে ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি ‘আত্মহত্যা’ করেছেন।

নিহতের স্বামীর বরাত দিয়ে এসআই কামাল জানান, গত ২ বছর আগে মোবাইল ফোনে রেহানার সঙ্গে মোহাম্মদ আলীর পরিচয় হয়। পরিচয় থেকে প্রেম ও বিয়ে। বিয়ের পর তারা সবুজবাগের দক্ষিণগাঁও এলাকায় হাজী আলাউদ্দিনের বাড়িতে একটি ঘর ভাড়া নিয়ে এক সঙ্গে থাকা শুরু করেন। সেখানেই ঐ পোশাক শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু হলো।

পুলিশ জানায়, তবে কী কারণে তিনি ‘আত্মহত্যা’ করেছেন, তা জানার জন্য তার স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।